মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

হত্যা-মামলার প্রধান আসামি লাভলু প্রকাশ্যে, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ!

মাদারীপুর প্রতিনিধি ৮ জুলাই, ২০২৬, ১৮:৫৯:০০

63
  • হত্যা-মামলার প্রধান আসামি লাভলু প্রকাশ্যে, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ!

মাদারীপুর: মাদারীপুরে আলোচিত আলমগীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা লাভলু হাওলাদার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। সম্প্রতি আসামি লাভলু হাওলাদারকে একটি মাদকবিরোধী সমাবেশে এমপি ও ওসির সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ করতে দেখা গেছে। মামলার বাদীর দাবি, আসামি লাভলু বিএনপি নেতা হওয়ায় তাকে স্বয়ং এমপি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

হত্যা-মামলার প্রধান আসামি লাভলু হাওলাদার (৫৩) জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থীও। গত ১১ মার্চ লাভলুর বিরুদ্ধে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা হলে এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তবে গত দুই মাস ধরে তিনি ফের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন সময় রাজনৈতিক নানা অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে।

৩ জুলাই রাতে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহন্দার আলী মিয়া। তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে বিএনপির নেতা লাভলু হাওলাদার ছাড়াও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। হত্যা মামলার প্রধান একজন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে আসামিরা প্রকাশ্যে এসে প্রভাব বিস্তারের পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আলমগীরের স্ত্রী ও মামলার বাদী রেখা বেগম। তিনি বলেন, ‘আসামিরা মামলা তুলে চাপ প্রয়োগ করতাছে। এলাকায় থাকতে পারছি না। আমাগো বাড়িঘরও লুটপাট হইয়া গেছে।

এলাকায় গেলে আমার একমাত্র পোলারে খুন করে ফেলার হুমকিও দিছে। এইসব ওই লাভলু করাইতাছে। আগে পলাতক থাকলেও এখন প্রকাশ্যে সব করতাছে। পুলিশও তাকে ভয় পায়, কিছু বলে না।’ নিহত আলমগীর হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার বলেন, ‘আমার বাবার খুনিদের বিচার চাইতে গিয়ে আমরা এখন ঘরবাড়িছাড়া। জামিন ছাড়া কীভাবে একটি হত্যা-মামলার এক নম্বর আসামি ঘুরে বেড়ায়? হাইকোর্টে তিনি জামিন চাইলেও তাকে জামিন দেয়া হয় নাই।

পুলিশকে আমরা আসামি ধরার বিষয় তথ্য দিলেও তারা বিষয়টি নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছে না। মামলার প্রধান আসামি লাভলু হাওলাদারকে স্বয়ং এমপি প্রশ্রয় দিচ্ছে। এ কারণে পুলিশও তাকে গ্রেপ্তার করছে না। আমি শুধু আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।’

এ সম্পর্কে জানতে চাইলে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘আমি সংসদে আছি। পরে কথা হবে।’

অভিযোগের বিষয় হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা লাভলু হাওলাদার মুঠোফোনে বলেন, ‘আপনি আমাকে চিনেন না? চিনেন তো অবশ্যই। আপনি সামনাসামনি আসেন। আমি অফিসে আছি, আপনি আসেন। জামিনের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আপনি আসেন, সামনাসামনি সব বলব।’

একই মঞ্চে হত্যা মামলার আসামির সঙ্গে মাদকবিরোধী সমাবেশে থাকার প্রসঙ্গে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘আমি কোন লাভলু-ঠাবলু কাউকে চিনি না। তবে লাভলুর নাম শুনছি। কিন্তু ব্যক্তি হিসেবে আমি তাকে চিনি না। এমপি সাহেবের সঙ্গে মঞ্চে কারা ছিল তাও মনে নেই। লাভলুকে গ্রেপ্তারের বিষয় তদন্তকারী কর্মকর্তা বলতে পারবে।’

এ সম্পর্কে জানতে চাইলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহসীন মুঠোফোনে বলেন, ‘আলমগীর হত্যা মামলার প্রধান আসামি লাভলু হাওলাদার শুনেছি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। তবে তার কোন কাগজপত্র আমরা পাইনি। এই মামলা ৬৮ জন আগাম জামিন নিয়েছেন। তাদের মধ্যে লাভলু হাওলাদারের নামও নেই। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয় তিনি বলেন, তার (আসামি লাভলু) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান আছে। তাকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। তিনি আমাদের কাছে পলাতক। মামলার বাদী বা তার পরিবারকে কোন হুমকির বিষয় আমাদের কাছে কোনো অভিযোগ কেউ করেনি। যদি বাদী অভিযোগ করেন, তবে তার নিরাপত্তা আমরা অবশ্যই নিশ্চিত করব।’

উল্লেখ্য, চলতি বছরের গত ১০ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় ঘরে ঢুকে আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লাভলু হাওলাদারকে প্রধান করে ৮৭ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ঘটনার পরে নতুন মাদারীপুর এলাকায় অন্তত ১০ বার উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দিয়ে অন্তত শতাধিক বসতঘর পুড়িয়ে দেয়া হয়। তাদের প্রতিটি হামলায় উভয়পক্ষ অসংখ্য হাতবোমা নিক্ষেপ করে নিজেদের আধিপত্য দেখায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দফায় ভাইরালও হয়েছে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers