মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি ঘটনায় ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৬, ১৭:২৪:১৪

64
  • বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি ঘটনায় ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

ঢাকা: বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলীর ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জন জেলেসহ ২টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন জেলেকে জীবিত উদ্বার করা সম্ভব হলেও এখনো ২ জেলে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট উপ মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হল- কালাম পাইকার ও শহীদ। তারা ২ জনেই উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্বার হওয়া জেলেরা হলেন—খলিল মাস্টার, হৃদয় জোমাদ্দার, দুলাল, ইমরান, ফারুক, আল-আমিন, মনির, আশরাফুল, জামাল, ইমরান, শামিম, নাসির, সাগর, আসিব, নাসির, নুরুজ্জামান। তারা সবাই উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্বার হওয়া জেলে খলিল মাস্টার জানায়, মঙ্গলবার সকালে আমরা ফকিরহাট উপ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ২টি মাছ ধরার ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা হই। এরমধ্যে একটি ট্রলারে ১৩ জন ও আরেকটি ট্রলারে ৫ জন জেলে ছিলে। রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলার ২টি দুর্ঘটনার পতিত হয়।

ঢেউয়ের তোড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারটি ডুবে গেলে ওই ট্রলারের জেলেরা জীবন বাঁচাতে তপন জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারে গিয়ে ওঠেন। কিন্তু একপর্যায়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ওই ট্রলারটিও ডুবে গেলে আমিসহ অন্য জেলেরা সাগরে ভাসতে থাকি। পরে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে আমাদের ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালী জেলার মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে বাকি ২ জন কালাম পাইকার ও শহীদকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, মঙ্গলবার ১৮ জন জেলেসহ ২টি ট্রলার সাগরে ডুবে যায়। আজ সকালে ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অন্য ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে। প্রশাসনের পাশাপাশি আমাদের সমিতির পক্ষ থেকেও নিখোঁজ ২ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

তালতলী কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য আমরা এখনো অভিযান শুরু করতে পারিনি। কারণ সাগর এতটাই উত্তাল রয়েছে যে কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব না। আবহাওয়া ভালো হলেই উদ্ধার অভিযানে বের হব।

তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ খবর পাওয়ার সাথে সংগেই কোস্টগার্ড এবং নৌ-পুলিশকে অবহিত করেছি। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ১৬ জেলের চিকিৎসা নিশ্চিত করতে পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং চিকিৎসার খোঁজখবর নিচ্ছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers