মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

৩ ঘণ্টা পর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৯:১৩:২৭

81
  • ৩ ঘণ্টা পর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশমাহমুদের ছেলে।

নিহতের পরিবার ও ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। তিনি গতকাল সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় ভাই ওমর ফারুকের বাড়িতে শিবগঞ্জ এলাকায় বেড়াতে এসেছিলেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাতিজা শ্রাবণকে সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় ২০ মিনিটের অভিযানে ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই ওমর ফারুক বলেন, আমার ভাই সাঁতার জানত না।

সে যখন ডুবে যাচ্ছিল, তখন আমার ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।

এ নিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেই। ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় নদীর প্রায় ৩০ ফুট গভীর থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers