মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৯:০৭:৩৬

79
  • ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল: বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে প্রায় ৬৬ কেজি গাঁজা জব্দ করা হলেও অভিযানের আগেই প্রধান অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কেডিসি বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকার চিহ্নিত মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি অভিযান শুরুর আগেই সটকে পড়েন।

পরবর্তীতে ডিবি পুলিশের সদস্যরা সাইদুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন। তল্লাশির একপর্যায়ে ঘরের বিভিন্ন স্থানে বিশেষভাবে সংরক্ষণ করে রাখা মোট ৬৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু নামে অপর এক ব্যক্তি যৌথভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন। উদ্ধার হওয়া গাঁজার চালানটি বিক্রির উদ্দেশ্যে এলাকায় মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বরিশাল মহানগর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers