বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

চট্টগ্রামে বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজজি ডেস্ক ১৮ মে, ২০২৬, ১১:৫৯:২৮

75
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামে জুলাই গ্রাফিতি ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের উত্তেজনা ঘিরে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

আদেশে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল-মিটিং করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রোববার (১৭ মে) রাতে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাতের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

এ সময় এনসিপির মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘অবৈধ মেয়র’ আখ্যা দিয়ে বলেন, টাইগারপাস থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের পিলারের গ্রাফিতি মুছে হলুদ ও সাদা রং করা হয়েছে। সেই স্থানে বিজ্ঞাপন দিতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। এতে প্রমাণিত হয়, সিটি করপোরেশনই গ্রাফিতি মুছে দিয়েছে।

এদিকে, গতকাল সন্ধ্যায় মেয়র ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, নগরীর কোথাও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি তিনি।

মেয়র বিবৃতিতে উল্লেখ করেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ দেয়া হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের নির্দেশনা দেয়ার প্রশ্নই উঠে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers