বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনে গতি আনার দাবি

বরিশাল প্রতিনিধি ১২ মে, ২০২৬, ১৬:৫২:৩১

166
  • সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনে গতি আনার দাবি

বরিশাল: সরকারি ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে প্রান্তজন ট্রাস্ট, ক্লিন এবং বিডাব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে এক প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনগুলোর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সুভাষ দাস। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। বিশেষ করে সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে রুফটপ সোলার স্থাপন করলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং পরিবেশ দূষণও কমবে।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেন, সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে।

সভায় সদস্য আকতারুল কবির বলেন, বর্তমান জ্বালানি সংকট ও আমদানি নির্ভরতার এই সময়ে রুফটপ সোলার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা জানান, রুফটপ সোলারের সম্প্রসারণের ফলে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

সংগঠনগুলোর পক্ষ থেকে নেট-মিটারিং ব্যবস্থা আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার দাবি জানিয়ে বলা হয়, সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে সরকারি সহায়তা ও নীতিগত সুবিধা বাড়ানো প্রয়োজন।

প্রান্তজন ট্রাস্টের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, রুফটপ সোলার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আঞ্চলিকভাবে একটি অনুসরণীয় উদাহরণ হয়ে উঠবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers