শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

খাগড়াছড়িতে প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি: ৮ এপ্রিল, ২০২৬, ১৫:০০:২৬

15
  • খাগড়াছড়িতে প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন চাকমা ওরফে নির্মল ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন নিউটন চাকমা। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় তার সঙ্গে থাকা এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলমান রয়েছে।

এ ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক অমর চাকমা।

অন্যদিকে একটি সূত্র দাবি করেছে, সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জেরেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে, যেখানে প্রায়ই প্রতিপক্ষকে দায়ী করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘাত নতুন নয়। মাঝেমধ্যেই এমন সহিংস ঘটনা ঘটছে, যা এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে ক্রমেই উদ্বেগজনক করে তুলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers