বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

`গুপ্তরা স্বৈরাচারের নতুন রূপ, মা-বোনদের কাছে তারা অনিরাপদ'

বরিশাল প্রতিনিধি: ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৭:২৯

123
  • ছবি: নিউজজি২৪

বরিশাল : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পর গুপ্ত পরিচয়ে পরিচিত একটি গোষ্ঠী নতুন জালিমে পরিণত হয়েছে। এদের কাছে দেশের মা–বোনরা নিরাপদ নয়। বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী ১২ তারিখ জনগণ তাদের জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবে। কিন্তু ৫ আগস্টের পর দেখা যাচ্ছে, স্বৈরাচার যেভাবে জনগণের সঙ্গে কথা বলতো, গুণীজনকে অপদস্থ করতো এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতো, সেই একই ভাষা ও আচরণ এখনো অব্যাহত রয়েছে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, গুপ্ত পরিচয়ের একটি দল সেই স্বৈরাচারী মানসিকতা ধারণ করে নতুনভাবে আবির্ভূত হয়েছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে লক্ষ্য করছি, এই দলের একজন নেতা প্রকাশ্যে নারীদের উদ্দেশে চরম অবমাননাকর ও কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যাদের মা–বোনদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ নেই, তাদের কাছ থেকে দেশের মানুষ আত্মমর্যাদাসম্পন্ন আচরণ আশা করতে পারে না।

তিনি আরও বলেন, কুমিল্লা জেলার ওই দলের এক নেতা প্রকাশ্যে বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এই বক্তব্যেই তাদের মানসিকতার প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে। জনগণকে তারা কীভাবে দেখে এবং কতটা তুচ্ছ মনে করে, তা স্পষ্ট হয়ে গেছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, এ ধরনের শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে জনগণের জীবনে কী ভয়াবহ দুর্ভোগ নেমে আসতে পারে, তা সহজেই অনুমান করা যায়। তাই জনগণকে সচেতন থাকতে হবে এবং গুপ্তদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

স্বৈরাচার সরকারের সঙ্গে তাদের সম্পর্কের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, তারা মূলত মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬সহ গত ১৫ বছর ধরে প্রতিবারই তারা স্বৈরাচারী শক্তির পাশে দাঁড়িয়েছে।

বরিশাল বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা নদীভাঙন। এর স্থায়ী সমাধানে কার্যকর ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। বহু উন্নয়ন কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এসব কাজ বাস্তবায়নের জন্য জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, বিএনপির শাসনামলে অনেক উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল, যা নানা কারণে শেষ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলোর সমাধানে বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

নারীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নারীদের ঘরে বন্দী রেখে কোনো দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারী ও পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই একটি মানবিক, মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।তিনি আরও বলেন, গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে বিদ্বেষপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে তাদের বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। এ ধরনের শক্তি ক্ষমতায় গেলে জনজীবনে ভয়াবহ সংকট ও দুর্ভোগ নেমে আসবে বলেও সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন