বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

৮ কুকুরছানা হত্যার নোটিশে সরকারি বাসা ছাড়লেন কর্মকর্তা

নিউজজি ডেস্ক ২ ডিসেম্বর, ২০২৫, ২৩:০৩:৩৫

120
  • ছবি: সংগৃহীত

ঢাকা: পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যার দায়ে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রীকে উপজেলা প্রশাসন আবাসিক ভবন ছাড়ার নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়ার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) তারা ভবনটি ছাড়েন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হাসানুর রহমান নয়নকে উপজেলা পরিষদের আবাসিক বাসভবন ছাড়ার জন্য ১ ডিসেম্বর রাতে নোটিশ দেওয়া হয়, যা অনুযায়ী মঙ্গলবার তারা বাসা ছেড়ে দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‌“এ ঘটনা জানাজানি হওয়ার পর ঢাকা থেকে ‘অ্যানিমেল ওয়েল ফেয়ার’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা ঈশ্বরদীর উদ্দশে রওয়ানা দিয়েছেন। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে এখানে আসছেন বলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন। তারা ঈশ্বরদীতে এসে ইউএনওর সঙ্গে বৈঠক করবেন। তারপর তাদের সিদ্ধান্তের কথা জানাবেন।”

এর আগে সোমবার (১ ডিসেম্বর) ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে উপজেলা পরিষদের পুকুর ফেলে হত্যা করেন উপজেলা পরিষদের আবাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে ওই কর্মকর্তার বাসার আঙিনায় একটি কুকুর আটটি ছানা জন্ম দেয়। গত সোমবার হঠাৎ মা কুকুরকে পরিষদ চত্বরে ছোটাছুটি ও কান্নারত দেখা যায়। এক পর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে বস্তাবন্দী মৃত ছানাগুলো তুলে আনলে, মা কুকুর পাশে বসে আর্তনাদ করে। পরে সেগুলো মাটি চাপা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকালে নয়ন স্যার মোটরসাইকেলে যাচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন। তখন তার ছেলে বলে—‘আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’ এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তা ভাসতে দেখি। তুলে খোলার পর আটটি ছানাকেই মৃত অবস্থায় পাই।

মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন এবং সেডেটিভ ইনজেকশন প্রয়োগ করেন।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নেটিজেনরা।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers