রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২১ জিলহজ ১৪৪৭

দেশ

সোমবার লকডাউনের মধ্যে যান চলাচলের সিদ্ধান্ত শ্রমিক ফেডারেশন

নিউজজি প্রতিবেদেক ১৬ নভেম্বর, ২০২৫, ১৮:৫৭:১৬

170
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ‎জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল (সোমবার)। এর প্রতিবাদে সারাদেশে লকডাউন ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ অবস্থায় সোমবার যানবাহন চলবে কি না, এ নিয়ে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। 

এ বিষয়ে রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এক সংবাদ সম্মেলনে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোমবার দেশব্যাপী ডাকা লকডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে।

তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহনমালিক ও শ্রমিকেরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন।

হুমায়ূন কবির খান আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেন পরিবহন শ্রমিকেরা।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers