শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

ট্রাইব্যুনালে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিউজজি ডেস্ক ৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৯:৫৪

80
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে রোববার (৯ নভেম্বর) ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ করবেন ট্রাইব্যুনাল। আজ রাষ্ট্রপক্ষের ২৩ নম্বর সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে।

রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ করা হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন–বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৩তম দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ২ ফরেনসিক কর্মকর্তা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন—ফরেনসিক কর্মকর্তা রোকনুজ্জামান ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপ-পরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। সাক্ষ্যে এ মামলায় উদ্ধার করা আলামত যাচাই-বাছাইয়ের বর্ণনা দেন তারা।

জবানবন্দি শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আরও সাক্ষ্যগ্রহণের জন্য ৯ নভেম্বর পরবর্তী দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। গত রোববার (২ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সাথে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের আনা মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এই মামলায় ১৯ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ আসামি হলেন– শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন– ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই চানখাঁরপুলের মামলাটির পলাতক ৪ আসামিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হয়।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন