রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

দেশ

'পরেও সইয়ের সুযোগ থাকবে জুলাই সনদে'

নিউজজি ডেস্ক ১৬ অক্টোবর, ২০২৫, ২২:২৬:৩২

143
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ যদি কোনও রাজনৈতিক দল শুক্রবার (১৭ অক্টোবর) সই না করে, তবুও ভবিষ্যতে তাদের জন্য স্বাক্ষরের সুযোগ রাখা হবে—এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো সনদের অঙ্গীকারনামা অংশে স্বাক্ষর করবে। কমিশনের সদস্যরাও স্বাক্ষর করবেন। সর্বশেষে কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন। তিনি জানান, উপস্থিতদের জন্য সনদের কপি বিতরণের ব্যবস্থাও করা হয়েছে।

কোনও দল যদি শুক্রবার সই না করে পরে করতে চায় এমন প্রশ্নে আলী রীয়াজ বলেন, আগামীকাল সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো। তবে কেউ পরবর্তীতে সই করতে চাইলে, তারা সনদ প্রক্রিয়ার অংশীদার হিসেবেই সেটা করতে পারবে। তবে কমিশন আশা করে, সবাই উৎসবমুখর পরিবেশে একসঙ্গে সই করবে।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ‘আইনি ভিত্তি ছাড়া’ তারা সনদে সই করবে না। এ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, এনসিপির বক্তব্য কমিশন গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিলেন এবং সনদ প্রক্রিয়াতেও যুক্ত ছিলেন। কমিশনও মনে করে, সনদের আইনি ভিত্তি থাকা জরুরি এবং মেয়াদকালেই আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ সুপারিশ দেব।

তিনি আরও বলেন, কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা যায়। এ নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

বাম দলগুলো সনদে সই না করার যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে আলী রীয়াজ বলেন, দলগুলো আলোচনার সময় তাদের আপত্তি জানিয়েছে। ভিন্নমত থাকবেই। তবে আমরা আশা করি, তারাও অনুষ্ঠানে যোগ দেবে।

সব দল সই না করলে সনদের ভবিষ্যৎ কী এমন প্রশ্নে তিনি বলেন, সই করা এক অর্থে আনুষ্ঠানিকতা। আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়েই দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে, দেশের মানুষ তা দেখেছে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সবচেয়ে বড় আয়োজন হলো জুলাই সনদ নিজেই। এটা বাস্তবায়িত হলে রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আসবে।

তিনি জানান, আগামীকাল অনুষ্ঠানে সনদ তৈরির প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হবে এবং পরবর্তী দুই মাস এ নিয়ে আরও কাজ চলবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান প্রমুখ।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers