বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

আগাম শীতের আমেজ : শিশিরে ভিজছে সকাল, কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক

ঠাকুরগাঁও প্রতিনিধি ৩ অক্টোবর, ২০২৫, ১৬:৪৭:১৬

270
  • আগাম শীতের আমেজ : শিশিরে ভিজছে সকাল, কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক

ঠাকুরগাঁও: শরতের সাদা মেঘের ভেলা যখন আকাশে ভেসে বেড়ায়, তখনই উত্তরের জনপদ ঠাকুরগাঁও অনুভব করতে শুরু করে ঋতুর নতুন আহ্বান। শীত এখনো পুরোপুরি নামেনি, তবু প্রকৃতির কোলে যেন জমে উঠেছে আগাম শীতের গোপন সুর।

সেপ্টেম্বর মাসের চলতি সপ্তাহে দেখা যায়, শীত এখনো কাঁপন ধরিয়ে দেয়নি দেহে, কিন্তু ভোরের শিশির নিঃশব্দে বলে দিচ্ছে—ঋতু বদলের দিন খুব কাছেই। ক্ষেতের ধানগাছের মাথায় কিংবা ঘাসের ডগায় টলমল করা বিন্দু বিন্দু শিশির যেন শীতের আগমনী কবিতা লিখে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মাটিতে।

মানুষের শরীরে এখনো গরমের ছাপ রয়ে গেছে, কিন্তু প্রকৃতি নিজের ছন্দে ছন্দে জানিয়ে দিচ্ছে—শিগগিরই আসছে কাঁপুনি ধরা সকাল, উনুনের আঁচে হাত সেঁকার দিন আর গরম চায়ের ধোঁয়ায় ভোরকে বরণ করার সময়।

শীতের এই আগাম ছোঁয়া মানেই প্রকৃতির ভিন্ন এক সাজ। কুয়াশায় ঢাকা পথঘাট, শিশিরে ভেজা পাতার ঝিলিক, আর ভোরের সূর্যের মিষ্টি আলোকরেখা—সব মিলেই ঠাকুরগাঁও হয়ে উঠছে এক অদৃশ্য কবিতার ক্যানভাস।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিক। সকাল ৮টা পর্যন্ত মাঠঘাটে থাকে শিশিরের ভেজা ছাপ। কেউ বলছেন, ঘাসের শিশির জানান দিচ্ছে আগাম শীতের বার্তা; কেউ আবার দেখছেন কুয়াশায় হারিয়ে যাওয়া সকালকে শীতের দূত হিসেবে। আগাম শীতের আবেশে বদলে যাচ্ছে গ্রামীণ জীবনযাত্রা। ভোরের শিশির ও কুয়াশা নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা জানান তারা। 

শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, “ভোরে মাঠে গেলে মনে হয় চারদিকে সাদা কুয়াশার চাদর বিছানো। ঘাসে জমে থাকা শিশির পা ভিজিয়ে দেয়, মনে হয় শীত এসে গেছে।”

তৈহিদুল ইসলাম জানান, “ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে রাস্তা ও মাঠঘাট আর সন্ধ্যা নামলেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। কাজ শেষ করে ঘরে ফিরতে গরম চা ছাড়া উপায় থাকে না।”

জুলফিকার আলী বলেন, “ঘাসের ডগায় ভোরের শিশির জমে থাকে। মনে হয় প্রকৃতি শীতের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। তবে দিনে প্রচণ্ড গরম আর রাতে হিমেল ঠান্ডা—এমন বৈপরীত্য জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলছে।”

জিল্লুর রহমান বলেন, “এবার মনে হচ্ছে শীত একটু তাড়াতাড়িই আসছে। সন্ধ্যা নামতেই কুয়াশা নেমে আসে, সকাল পর্যন্ত শিশির ভেজা পরিবেশ থাকছে।”

শীতের এই আগাম ছোঁয়া শুধু আনন্দই নয়, উদ্বেগও বাড়াচ্ছে নিম্নআয়ের মানুষের জন্য। ঠাকুরগাঁওয়ের ছিন্নমূল মানুষদের জন্য শীতকালে তীব্র কষ্টের আশঙ্কা রয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “শীতের প্রকোপ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের সুরক্ষা দিতে জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বরাদ্দ এলেই সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও শুরু করা হবে।”

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের জেলা হওয়ায় ঠাকুরগাঁওয়ে অন্য এলাকার তুলনায় শীত বরাবরই আগে আসে। ইদানীং আবহাওয়ার কিছুটা মিশ্র আচরণ লক্ষ করা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে ভোর ও সকালে শীতের আমেজ আরও স্পষ্টভাবে অনুভূত হবে।

তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “এখনো তাপমাত্রা একেবারে নিচে নামেনি। তবে শিশির ভেজা ভোর, কুয়াশার চাদরে মোড়া সকাল আর শিহরণ জাগানো বাতাস আগাম শীতের ইঙ্গিত বহন করছে। অক্টোবর মাস নাগাদ শীত আরও স্পষ্ট হবে। চলতি সপ্তাহে সর্বনিম্ন ২২.৮ ডিগ্রী ও সর্বোচ্চ ৩২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশিরে ভিজে নুয়ে পড়ে সবুজ ধানের পাতা। গোধূলীর ঠিক পরেই পশ্চিমে ঢলে পড়ে সূর্য, অচেনা ছায়ায় ঢেকে যায় গ্রামবাংলার পথঘাট। বিকেলের শেষ আলো মিলিয়ে যেতেই কুয়াশার আস্তরণে ডুবে যায় চারপাশ, ঠাকুরগাঁও পায় শীতের অনন্য রূপ।

দিনের বেলায় এখনও গরম টিকে থাকলেও সন্ধ্যা নামতেই ভেসে আসে হিমেল আমেজ। হিমালয়ের কোলঘেঁষা এই জনপদে কার্তিকের শুরু থেকেই এমন আবহাওয়া যেন প্রকৃতির নীরব উৎসব।

শিশির ভেজা ভোর, কুয়াশার চাদরে মোড়া সকাল আর শিহরণ জাগানো বাতাস যেন বারবার মনে করিয়ে দিচ্ছে—ঠাকুরগাঁওয়ে শীত এসে গেছে আগাম বার্তা হয়ে। আনন্দ ও কষ্টের মিশেলে এই শীতই গড়ে তুলবে এক ভিন্ন জীবনচিত্র।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers