শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

এসিল্যান্ডসহ ৫ সরকারি কর্মকর্তাকে শোকজ

সিলেট প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২১:৩৪

399
  • এসিল্যান্ডসহ ৫ সরকারি কর্মকর্তাকে শোকজ

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় বিদ্যমান থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের এক নারীসহ চারজনকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় এসিল্যান্ডসহ পাঁচজন সরকারি কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।

শোকজপ্রাপ্তরা হলেন, সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাপগঞ্জ, ফুলবাড়ী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা এবং গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

আদালত সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট গোলাপগঞ্জের ঘোষগাঁও গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এসিল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ একই পরিবারের চারজনকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন। যদিও এর আগেই এ ভূমি-সংক্রান্ত বিষয়ে সিনিয়র সহকারী জজ আদালতের রায় বাদী রিয়াদ আহমদ চৌধুরীর পক্ষে প্রদান করা হয়েছিল।

পরদিন (২৮ আগস্ট) দণ্ডপ্রাপ্তরা সিলেট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল দায়ের করেন (আপিল মামলা নং ০৪/২০২৫)। এরপর গত ৩ সেপ্টেম্বর মামলার বাদী রিয়াদ আহমদ চৌধুরী আদালতে এসিল্যান্ডসহ পাঁচজনকে বিবাদী করে নিষেধাজ্ঞার মামলা (নং ১০৩/২০২৫) দায়ের করলে আদালত বিবাদীদের আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তহসিলদার নজরুল ইসলামের যোগসাজশে প্রতিপক্ষদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে। সিনিয়র সহকারী জজ আদালতের রায় অনুযায়ী তারা বৈধভাবে ভূমির ভোগদখলে থাকলেও বেআইনিভাবে তাদের উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, আমি আদালত থেকে কোনো নোটিশ পাইনি। আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম। আদালত থেকে নোটিশ এলে আমি যথাযথভাবে সাড়া দেব।

মামলার বাদী রিয়াদ আহমদ চৌধুরী বলেন, আমার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে মামলা দায়েরের পর আদালত এসিল্যান্ডসহ পাঁচ কর্মকর্তাকে শোকজ করেছেন। আমরা আদালতের প্রতি আস্থাশীল।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers