শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ৬ ডাকাত গ্রেপ্তার

সাভার প্রতিনিধি ১৮ মার্চ, ২০২৫, ১৮:১৩:২১

6K
  • আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ৬ ডাকাত গ্রেপ্তার

সাভার: সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতি হওয়া ১৩ ভরি স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্রিফিং করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এর আগে, গত ৯ মার্চ রাতে আশুলিয়া নয়ারহাট এলাকায় স্ত্রীর সামনে ব্যবসায়ী দিলীপ কুমারকে (৫২) কুপিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালে মারা যান দিলীপ কুমার।

গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পিটুয়া বন্দের বাড়ি গ্রামের হক ভূঁইয়ার ছেলে রিপন মিয়া (৪০), পাবনা‌ জেলার সুজানগর থানার চর ভবানীপুর শেখ পাড়া গ্রামের জোনাই প্রামাণিকের ছেলে আরিফ প্রামাণিক (৩০), একই জেলার আতাইকুলা থানার সরাডাঙ্গী (সরদারপাড়া) গ্রামের মৃত করিম শেখের ছেলে শাহ আলম (৪৫), আরমান শেখ (৩৭), রাজশাহী জেলার কর্নহার গ্রামের রাধানগর শল্লাপাড়া মোড় এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী ইব্রাহিম বাবু (৪৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বৃষ্টিপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মাসুদ রানা কালা মাসুদ (৪৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের মধ্যে কেউ দিনের বেলায় অটোরিকশা চালায়, কেউ ফলের ব্যবসা করে এলাকায় রেকি করে রাতের বেলায় ডাকাতি করে। এদের মধ্যে ৫ ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে ব্যবসায়ীকে হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত এবং একজন ডাকাতির মালামাল তার জিম্মায় রাখে।

পুলিশ সুপার আরও জানান, স্বর্ণের দোকানে ডাকাতির সময় ডাকাত ইমরান, তার দুই ভাই শাহ আলম ও আরমান, রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটা ভাড়া গাড়িতে করে নয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির টার্গেট করে। ইমরান ও আকাশ গাড়ির ভিতরে অবস্থান করে, আরমান ও শাহ আলম ঘটনাস্থলের পাশে পাহারা দেয় এবং তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। রিপন ও আরিফ দু'টি চাপাতি দিয়ে দিলীপকে কোপায় এবং মাসুদ রানা ওরফে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে ৮ জন মিলে গাড়িতে উঠে নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রিপনকে সাভারের যাদুরচর এলাকা থেকে, মাসুদ রানা ওরফে কালা মাসুদ, শাহ আলম এবং আরমানকে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৩ জন আপন ভাই। রিপন, শাহ আলম, আরমান ও মাসুদ রানা কালা মাসুদের দেওয়া তথ্য মতে আরিফকে রাজবাড়ির গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৮ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়ের ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে দীর্ঘদিন ধরে ডাকাতির স্বর্ণ ক্রয়ের সাথে জড়িত ইব্রাহিমকে রাজশাহীর কর্ণহাট এলাকা থেকে লুট করা ৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফের দেখানো আরমানের ফলের দোকান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers