বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

প্রবাস

ছয় মাসে ইতালিতে সমুদ্রপথে ৪ হাজার বাংলাদেশি

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১১:৩১:৪২

56
  • সংগৃহীত

ঢাকা: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এরমধ্যেও সমুদ্রপথে ইউরোপের দেশটিতে পৌঁছানো অভিবাসীদের সংখ্যায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। এ সময়ে ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন, যা মোট আগত অভিবাসীদের প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া (১,৭০২ জন)। এরপর রয়েছে সুদান (১,৩৭১), পাকিস্তান (১,১৮৫), আলজেরিয়া (১,১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), টিউনিশিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)।

এছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

চলতি বছরের একই সময়ের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের আগমন গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। চলতি বছরের একই সময়ে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক পরিসংখ্যানেও দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই মোট অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০, মার্চে ২ হাজার ১৫০, এপ্রিলে ২ হাজার ৪৫৯, মে মাসে ৩ হাজার ৫৪ এবং জুনে ২ হাজার ৭৫৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers