মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

প্রবাস

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

নিউজজি প্রতিবেদক ২৫ এপ্রিল , ২০২৬, ১১:০৫:৫৯

107
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ থাকার আট দিন পর এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো খোঁজ মেলেনি; তাকে খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় গণমাধ্যম টাম্পা বে ২৮ নিউজের প্রতিবেদনে বিষয়টি জানা যায়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পুলিশও এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

গ্রেপ্তারকৃত হিশাম আবুঘরবেহ (২৬)নিহত জামিল আহমেদের রুমমেট ছিলেন।

পুলিশ জানিয়েছে, জামিলের দেহাবশেষ স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির অবস্থান বা কোনো তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। তার সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকালে জামিলকে সর্বশেষ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি তার ছাত্রাবাসে, সময়টি ছিল সকাল ৯টার দিকে। অন্যদিকে, নাহিদাকে সর্বশেষ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে, সেদিন সকাল ১০টার দিকে। এরপর থেকেই তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছিলেন না তাদের সহপাঠী বা পরিচিতরা।

একপর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ দুটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোক বার্তায় লিখেছেন, অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে এবং সন্দেহভাজন হিশাম আবুঘরবেহকে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers