বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অভিবাসী আটক

নিউজজি ডেস্ক ৩০ জানুয়ারি , ২০২৬, ১১:৪৯:১৩

85
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ২১৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানটি পরিচালিত হয় তামান মালুরির বাণিজ্যিক এলাকা এবং এর আশপাশের আবাসিক অঞ্চলে। কর্তৃপক্ষ জানায়, ওই এলাকাগুলোতে বিদেশি নাগরিকদের আধিক্য, অবৈধভাবে অবস্থানের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

এই অভিযানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদরদপ্তরসহ নেগেরি সেম্বিলান ও পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগের মোট ২৭৯ জন কর্মকর্তা অংশ নেন। পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর ১০ জন কর্মকর্তা সহযোগিতা করেন। পুরো অভিযানটির নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি।

ইমিগ্রেশন সূত্র জানায়, অভিযান চলাকালে এক হাজার ৮৭ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশি নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, স্বীকৃত নয় এমন পরিচয়পত্র বহনসহ ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭-এর আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত, আটক, বিচার এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন